সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেওয়া হবে না। তিনি বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে একটি পথসভায় এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করি। কিন্তু জিয়াউর রহমানের ছবি ও পোস্টার টানিয়ে সন্ত্রাস ও জমি দখল করা মেনে নেব না।” তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “বিগত ১৬ বছর দেশে মুজিবের নামে ব্যবসা হয়েছে। এখন আমরা জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেব না।”
তিনি আরও বলেন, “জনগণের কর্মসংস্থানের অধিকার, খাবারের অধিকার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত করতে হবে।” নাহিদ ইসলাম বলেন, “নিজেদের জীবনের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার এবং জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেব না।”
এনসিপির আহ্বায়ক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “আপনি বলেছিলেন দেশে এসে আপনার পরিকল্পনা রয়েছে। একজন কলেজে পড়ুয়া শিক্ষার্থীর চোখ কেড়ে নেওয়া হয়েছে। হবিগঞ্জের জিকে গউসের অনুসারীরা হামলা চালিয়ে একজন জুলাইযোদ্ধার চোখ নষ্ট করে ফেলেছে।”
তিনি কানাইঘাটবাসীর উদ্দেশ্যে বলেন, “আমরা স্পষ্ট নমুনা দেখতে পাচ্ছি আগামী স্থানীয় সরকারের নির্বাচনে কী হতে যাচ্ছে। এসব লাঠিয়াল বাহিনী ও সন্ত্রাসীদের দিয়ে ভোট কারচুপি করা হবে।”