জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক নওগাঁর বদলগাছী উপজেলায় জামায়াতের এক নেতার বিরুদ্ধে তার শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জামায়াত নেতা শফিউল হাসান, যিনি উপজেলার একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক এবং কোলা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বৃষ্টির কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। ওই সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্লাসে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান শফিউল হাসান। মেয়েটি কৌশলে সেখান থেকে বেরিয়ে এসে পরিবারের কাছে ঘটনা জানায়। মঙ্গলবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা করে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ‘ঘটনাটি জানার পর আমি হতবাক হয়েছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।’ ঘটনার পর এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে আগেও নারী সংক্রান্ত অভিযোগ উঠেছিল।’

বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top