সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ কয়েকজন নেতার আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জকসু নেতাদের অভিযোগ, তাদেরকে মেরে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে।
জকসু সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের সুযোগ-সুবিধা ও চিকিৎসাসেবার উন্নয়নসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি তুলে ধরার জন্য তারা প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করছিলেন।
তবে, প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় মিলনায়তনে প্রবেশের সময় তাদের বাধা দেওয়া হয়। এ সময় জকসুর প্রতিনিধিদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্টদের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। জকসুর নেতারা অভিযোগ করেছেন, তাদের কাছ থেকে প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে এবং হামলা চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ নেতারা অডিটোরিয়ামে প্রবেশ করতে গেলে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তাদের বাধা দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসান পরিস্থিতি সামাল দিতে গেলে তাকে ধাক্কা দেন ছাত্রদল আহ্বায়ক।
জকসু জিএস আব্দুল আলিম আরিফ ফেসবুকে লেখেন, প্রক্টর ছাত্রদল হয়ে গেছে নাকি ছাত্রদল প্রক্টরের ভূমিকায়? তিনি অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং হামলার বিচার দ্রুত করতে হবে।