সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক চট্টগ্রাম বন্দর ট্রাক-কাভার্ডভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ সামনে রেখে ‘হারুন-সোহেল সম্মিলিত পরিষদ’-এর প্যানেল পরিচিতি সভা ও নির্বাচনি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সংগঠনের সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং শ্রমিকদের পেশাগত সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার করেছেন প্যানেলের নেতারা।
সোমবার (১০ আগস্ট) নগরের গোসাইলডাঙ্গার ৪ নম্বর কে.ভি. দোভাষ লেইনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সাঈদ হারুন। তিনি বলেন, বন্দরের পরিবহন খাতের সঙ্গে মালিক, কন্ট্রাক্টর ও শ্রমিকরা পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। দায়িত্ব পেলে শ্রমিকদের পেশাগত স্বার্থ ও সমস্যাকেও গুরুত্ব দেওয়া হবে।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু তালেব সোহেল জানান, ‘হারুন-সোহেল সম্মিলিত পরিষদ’ সবসময় সংগঠনের সদস্যদের পাশে থাকার চেষ্টা করেছে। তিনি শ্রমিকদের ন্যায্য স্বার্থ ও কর্মপরিবেশকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-কন্ট্রাক্টরদের পাশাপাশি শ্রমিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষা ও পেশাগত সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।
সভা শেষে আনুষ্ঠানিকভাবে ‘হারুন-সোহেল সম্মিলিত পরিষদ’-এর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর ট্রাক-কাভার্ডভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে এরই মধ্যে প্রার্থী ও প্যানেলগুলোর মধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে।