সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক গোপালগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে লোডশেডিং বেড়ে যাওয়ায় গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন। এই পরিস্থিতিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) গোপালগঞ্জের পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে।
ওজোপাডিকোর চিঠিতে উল্লেখ করা হয়েছে, গোপালগঞ্জ পৌরসভা এলাকায় তাদের পাওয়ার হাউজ ও দপ্তর ক্যাম্পাস এবং চরপাথালিয়ায় অবস্থিত দুটি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যাচ্ছে।
চিঠিতে আরও বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হতে পারে। এ কারণে কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেছে।
ওজোপাডিকোর গোপালগঞ্জ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানিয়েছেন, গোপালগঞ্জে বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ মেগাওয়াট, কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে ৯ থেকে ১০ মেগাওয়াট। ফলে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের ভোগান্তি হচ্ছে।
এ অবস্থায়, পুলিশ প্রশাসনের কাছে দপ্তরের স্থাপনা ও উপকেন্দ্রগুলোকে নিয়মিত টহলের আওতায় আনার এবং নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।