গাইবান্ধার দুই বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ ফেল

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক চলতি বছর এসএসসি পরীক্ষায় গাইবান্ধার দুই বিদ্যালয়ে কোন শিক্ষার্থীই পাস করতে পারেনি। পলাশবাড়ী উপজেলার মনোহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও সাদুল্লাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শতভাগ ফেল হয়েছে।

মনোহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন জানান, বিদ্যালয়টি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এখানে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। তিনি বলেন, চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৩ জন শিক্ষার্থী, কিন্তু তারা সবাই ফেল করেছে। এর অন্যতম কারণ হিসেবে তিনি গণিত শিক্ষক মো. ফারুক খালেকের দীর্ঘদিনের অসুস্থতা এবং বর্তমানে কারাগারে থাকার বিষয়টি উল্লেখ করেন।

অন্যদিকে, উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাকী বিল্লাহ জানান, বিদ্যালয়টি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং এ বছরই প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এখানে ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, কিন্তু তারা কেউ পাস করতে পারেনি।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, এমপিওভুক্ত বিদ্যালয় থেকে এমন ফলাফল আশা করা যায় না। তিনি বলেন, বিদ্যালয় দু’টির প্রধান শিক্ষকের কাছে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে এবং শীঘ্রই বিদ্যালয়গুলো পরিদর্শন করে বিষয়টি তদন্ত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top