গাইবান্ধায় ইসলামী ছাত্র আন্দোলন নেতা মাহ্ফুজ আটক, পরে বিয়ের ঘটনা

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক করা হয়েছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই তরুণীর সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে তার বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোলদহ (সৈয়দপুর) গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের বাড়িতে যান মাহ্ফুজ। এ সময় স্থানীয় লোকজন তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান এবং বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে তাকে আটক করেন।

স্থানীয়দের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে মাহ্ফুজের বিয়ে সম্পন্ন হয়। স্থানীয় সচেতন মহল এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মন্তব্য করেছেন যে, একজন ছাত্রনেতার নৈতিক পদস্খলন অগ্রহণযোগ্য।

তবে মাহ্ফুজ অভিযোগ অস্বীকার করে বলেন, শুক্রবার পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়েছে। তিনি দাবি করেন, আগের রাতে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে কনের বাড়িতে বিয়ের বিষয়ে আলোচনা হয়েছিল এবং সেই কারণেই তিনি সেখানে অবস্থান করছিলেন।

তিনি আরও জানান, কিছু ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন এবং প্রচারিত ভিডিওগুলো বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা জানান, মেয়ের সঙ্গে আগে থেকেই মাহ্ফুজ রাকিবের সম্পর্ক ছিল এবং স্থানীয়দের মধ্যস্থতায় শুক্রবার তাদের বিয়ে পড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top