কাতারকে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে কাতারই ইসরায়েলের জন্য ইরানের তুলনায় বেশি বিপজ্জনক। তিনি বলেন, চলতি বছরের নির্বাচনের পর ক্ষমতায় এলে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবেন।

শনিবার চ্যানেল ১২-এর এক অনুষ্ঠানে বেনেট বলেন, ইরান প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংসের হুমকি দেয়, কিন্তু কাতার ভিন্নভাবে কাজ করছে। তিনি অভিযোগ করেন, কাতার ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া হামাসের নুখবা বাহিনীকে অর্থায়ন করেছে।

বেনেট কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে কাতারের প্রভাব নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, কাতার ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ভেতরেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

এ প্রসঙ্গে তিনি কথিত ‘কাতারগেট’ কেলেঙ্কারির উল্লেখ করেন, যেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান ও সাবেক কয়েকজন সহযোগীর বিরুদ্ধে কাতারের ভাবমূর্তি উন্নয়নে অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। এ অভিযোগের বিষয়ে তদন্ত চলমান।

বেনেট বলেন, কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে বিষ ছড়াচ্ছে। তিনি দাবি করেন, কাতারকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা না করায় দেশটির পক্ষে কাজ করা আইনগতভাবে নিষিদ্ধ নয়, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top