কক্সবাজার সৈকতে গোসলে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক কক্সবাজার সৈকতে গোসলে নেমে ডুবে ইয়াসিন আরাফাত (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসনের বীচকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান মাবু এ তথ্য জানিয়েছেন।

নিহত ইয়াসিন আরাফাত চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নের বাসিন্দা আলী হোসেনের ছেলে। তারা ব্যবসায়ীক কারণে কক্সবাজার পৌরসভা ৪নং ওয়ার্ডের পেশকারপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসিন চলতি বছরে এইচএসসি পরীক্ষায় রামু সরকারি কলেজ থেকে অংশ নিয়েছেন।

পর্যটক নিরাপত্তায় সৈকতে দায়িত্বপালন করা সী-সেফ লাইফগার্ডের সিনিয়র কর্মী মুহম্মদ ওসমান জানান, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে সৈকতে আসে ইয়াসিন। ফুটবল খেলা শেষে সাগরে গোসলে নামার পর হঠাৎ পানিতে ডুবে যেতে থাকেন তিনি। লাইফগার্ড ও বীচকর্মীরা দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াসিন আরাফাতকে মৃত ঘোষণা করেন। আরাফাতের মামা মাহমুদুল হাসান জানান, বন্ধুদের সঙ্গে বিচে খেলতে গিয়ে গোসল করতে নেমে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ সাতকানিয়া পশ্চিম ঢেমুশিয়ায় নিজ গ্রামে নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top