সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মনোহরপুর গ্রামে চলাচলের একমাত্র পথে ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৪০টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরপুর গ্রামের মসজিদ ও ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এই পরিবারগুলো দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে এবং তারা ঐ পথ ব্যবহার করে কৃষিপণ্য আনা-নেওয়া, রোগী পরিবহন ও শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই চলাচলের পথেই ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর নির্মাণ করায় তাদের একমাত্র যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। ফলে তারা চরম দুর্ভোগে পড়েছেন।
এদিকে, গ্রামের প্রধান মো. সাখাওয়াত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, বিকল্প একটি রাস্তা রয়েছে যা ব্যবহার করা সম্ভব। তবে ভুক্তভোগীরা দাবি করেছেন, বিকল্প পথটি অত্যন্ত সরু এবং সেখানে চলাচল করা কষ্টকর।
ভুক্তভোগী শাহ আলম প্রামাণিক ও অন্যান্যরা জানান, তারা ইউএনওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।