ইউরোপের ৫৫ দেশের বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার বাণিজ্যিক স্বত্ব ও টুর্নামেন্ট পরিচালনায় বেসরকারি মূলধন যুক্ত করার উদ্যোগকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে অস্থিরতা তৈরি হয়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসন্ন ফুটবল বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উয়েফাভুক্ত ৫৫টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের এক জরুরি ভার্চুয়াল বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম বিবিসি ও দ্য অ্যাথলেটিক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন অঙ্গপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করেন। এই প্রতিষ্ঠানের অধীনে ফিফার মূল বাণিজ্যিক সত্ত্ব, বিপণন ও টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব একত্রিত করার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনার বাজারমূল্য প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার ধরা হয়েছে। ফিফার উদ্দেশ্য ছিল, সংস্থাটির শেয়ারের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে ৪২০ কোটি ডলার সংগ্রহ করা। তবে উয়েফা এই পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

বর্তমান সময়সূচি অনুযায়ী, ব্রাজিলে নারী বিশ্বকাপ এবং ২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে পুরুষদের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উয়েফার বয়কটের সিদ্ধান্ত এই দুটি বিশ্বমঞ্চের জন্য সংকট তৈরি করতে পারে।

ফিফার এই বাণিজ্যিক প্রস্তাব এখনো চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষমাণ রয়েছে, তবে উয়েফার এই সিদ্ধান্ত ফিফা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top