সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার দিবাগত রাতে দুই দেশের পালটাপালটি হামলার পর সোমবার তিনি এ দাবি করেন।
জাপোরিজ্জিয়ায় চালানো হামলায় অন্তত ছয় জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন, যেখানে রাশিয়ার মিত্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। জেলেনস্কি বলেন, প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সহায়তা ছাড়া যুদ্ধ চালিয়ে যেতে পারছে না রাশিয়া। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেন তথা ইউরোপে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও সেনার ব্যবহার বাড়লে তা গোটা বিশ্বের জন্য বিপদ ডেকে আনবে।
এদিকে, রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৯ জন। আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিহতদের মধ্যে অন্তত সাত জন উজবেক নাগরিক বলে জানিয়েছে কাজানে উজবেক কনস্যুলেট। নিঝনেকামস্ক শহরটি রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল ও শিল্পকেন্দ্রগুলোর একটি। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় তারা শহরের একটি তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ৪৫০টির বেশি ড্রোন শনাক্ত ও প্রতিহত করা হয়েছে। হামলার ঘটনায় রাশিয়া তদন্ত শুরু করেছে এবং এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে।