সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বুধবার রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে আহত ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের দেখতে যান। সেখানে তিনি চিকিৎসাধীন নেতাদের সুস্থতা কামনা করেন।
ডা. শফিকুর রহমান সাংবাদিকদের জানান, গত চার দিন ধরে বিভিন্ন শিক্ষাঙ্গণে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দ্বারা শিবিরের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হামলার পর মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ ও বাংলা কলেজে হামলা চালানো হয়।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি ও জিএসসহ অনেককে মারাত্মকভাবে জখম করা হয়েছে। জামায়াতের আমির অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে হামলা চালানো হতো, বর্তমানে ছাত্রদলের সন্ত্রাসীরাও একই কায়দায় তাণ্ডব চালাচ্ছে।
ডা. শফিকুর রহমান আরও জানান, আহতদের ওপর হাসপাতালেও হামলা হয়েছে এবং রোগীর স্বজনরাও হামলার শিকার হয়েছেন। তিনি বলেন, যদি এসব ঘটনার বিচার না হয়, তবে বিএনপির পরোক্ষ ইন্ধনে এসব তাণ্ডব চালানো হচ্ছে বলে মনে করবেন।
গত সপ্তাহে হবিগঞ্জে ছাত্রদলের হামলায় এনসিপি কর্মী আলিফ চৌধুরীর চোখ হারানোর ঘটনাতেও তিনি বিস্ময় প্রকাশ করেন যে, সরকারি দলের পক্ষ থেকে তাকে দেখতে যাওয়া হয়নি।
এ সময় জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, শিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা উপস্থিত ছিলেন।