সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষাপটে ড. তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন, জনগণের সেবক হিসেবে তাদের আচরণ করা উচিত।
ড. তাসনিম জারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, ‘মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার এই প্রবণতা থেকে সরে আসুন। আপনারা জমিদার না।’
তিনি অভিযোগ করেন, তার পরিচিতদের মধ্যে অনেকে বিদ্যুৎ বিলের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মধ্যে রাজনীতি করার কেউ নেই এবং বিশেষ কোনো এজেন্ডাও নেই।
তাসনিম জারা আরও উল্লেখ করেন, ‘আমাদের বাসাবো, মাদারটেক, নন্দীপাড়ার কমিউনিটি গ্রুপে বহু মানুষ একই অভিযোগ করছেন। মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।’
পোস্টের শেষে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহার করুন। গণশুনানি করুন। গ্রাহকের মুখোমুখি বসুন। বিল কেন বেশি আসছে সেই জবাব দিন।’