আইআইটি কানপুরের ওয়েবসাইট হ্যাক, শিক্ষার্থীকে দ্বিতীয় সুযোগ দেওয়ার চিন্তা

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ভারতের আইআইটি কানপুরে নতুন স্নাতক পর্যায়ের সাইবার নিরাপত্তা কোর্সে ভর্তি হতে না পেয়ে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট হ্যাক করার অভিযোগে এক শিক্ষার্থীকে দ্বিতীয় সুযোগ দেওয়ার বিষয়ে ভাবছে কর্তৃপক্ষ। আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তার কারিগরি দক্ষতা যাচাই করে পরবর্তী ভর্তি চক্রে সুযোগ দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, শিক্ষার্থীটি ওয়েবসাইটে প্রবেশ করে একটি বার্তা রেখে যায়, যেখানে লেখা ছিল, ‘ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। আমার শুধু একটি ন্যায্য সুযোগ দরকার।’ তিনি দাবি করেন, আইআইটি কানপুরের স্নাতক পর্যায়ের সাইবার নিরাপত্তা কোর্সে আবেদন করেও সুযোগ না পাওয়ার পর এই পদক্ষেপ নেন।

আইআইটি কানপুরের পরিচালক মনিন্দ্র আগরওয়াল জানান, শিক্ষার্থীটির পূর্ব অভিজ্ঞতা না থাকায় তাকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়নি। তবে, চলতি শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে। কর্তৃপক্ষ তাকে ক্যাম্পাসে ডেকে এনে আনুষ্ঠানিক পরীক্ষার মাধ্যমে তার দক্ষতা মূল্যায়ন করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শুরুতে শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার বিষয়টি ভাবা হয়েছিল, তবে তার দাবির সত্যতা যাচাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পথে এগোচ্ছে কর্তৃপক্ষ। আইআইটি কানপুর অতীতে তরুণ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের উৎসাহিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top