জুলাই শহীদদের স্মরণে কুবি ছাত্রদলের পাখিদের জন্য খাদ্য ও পানি বিতরণ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল পাখিদের মাঝে খাদ্য ও পানি বিতরণ করেছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চসহ ক্যাম্পাসের বিভিন্ন গাছে খাবার ও পানির পাত্রে খাদ্য ও পানি সরবরাহ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

ক্যাম্পাসে শব্দ ও আলোকদূষণের কারণে পাখির উপস্থিতি কমে যাওয়ায় পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে কিছুদিন আগে ছাত্রদলের নেতাকর্মীরা বাঁশ দিয়ে তৈরি ৩০টি খাবার ও পানির পাত্র বিভিন্ন গাছে স্থাপন করেন। প্রতি সপ্তাহের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এসব পাত্রে নিয়মিত খাদ্য ও পানি সরবরাহ করা হচ্ছে।

ছাত্রদল কর্মী মেহাম্মদ আসিফ বলেন, “৫ আগস্ট আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। জুলাই-আগস্টের শহীদ এবং গত সাড়ে ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে আজকের এই উদ্যোগ গ্রহণ করেছি।”

কুবি শাখা ছাত্রদলের সদস্যসচিব আবুল বাশার জানান, “জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে এই কর্মসূচি পালন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ পুনরায় সেগুলোতে খাদ্য ও পানি সরবরাহ করা হয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top