ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান পদত্যাগের গুঞ্জনকে ভিত্তিহীন বললেন

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি দায়িত্বে রয়েছেন এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন।

পেজেশকিয়ান তার প্রশাসনের সঙ্গে ইসলামি বিপ্লবের নেতৃত্বের কোনো মতবিরোধ রয়েছে—এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতেই কাজ করছে।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সমন্বয় বজায় রেখে কাজ করছি।’ পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব পুরোপুরি গুজব। আমি যদি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নিই, সেটি আমি নিজেই জনগণকে জানাব।’

পেজেশকিয়ান আরও জানান, একটি মহল তার প্রশাসন ও ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে বিভেদ রয়েছে—এমন ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি তার পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ার পরই তিনি এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেন।

এর আগে প্রেসিডেন্টের দপ্তরের তথ্য ও জনসংযোগবিষয়ক উপপরিচালক মোহাম্মদ মাহদি তাবাতাবায়ীও এসব খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কট্টরপন্থি কিছু গোষ্ঠী জাতীয় ঐক্যকে দুর্বল করার উদ্দেশ্যে এবং ইরানের শত্রুদের স্বার্থে এ ধরনের গুজব ছড়াচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top