সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিনকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এই মামলাটি দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী গাজী সালাউদ্দিনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া গাজী সালাউদ্দিনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন।
সারজিস আলম অভিযোগ করেন, বিএনপি ও পুলিশ ‘ক্ষমতা দেখিয়েছে’। তিনি উল্লেখ করেন, সালাউদ্দিন তানভীর তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট করেছিলেন, যা পরে মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, পার্টির পক্ষ থেকে তাকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল, তবুও বিএনপি নেতৃবৃন্দ তার বিরুদ্ধে মামলা করেন। সারজিস আলমের মতে, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে তাদের আচরণে পরিবর্তন এসেছে।