শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত ৭, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক শ্রীলঙ্কার পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এ পরিস্থিতির কারণে সরকার সেখানকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপিলি জানান, মধ্য শ্রীলঙ্কায় ভূমিধসে দুটি ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়েছে, যার ফলে ৫ জন নিহত হয়েছে। এছাড়া বন্যাজনিত দুর্ঘটনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ১২৯টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৩ হাজার ৫০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আটকে পড়া মানুষদের উদ্ধার করতে দেশটির নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল হিরু টিভিতে দেখা গেছে, সেনা সদস্যরা জলমগ্ন সড়ক দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন। নুয়ারা এলিয়া এবং বাদুল্লা জেলাসহ শ্রীলঙ্কার পাহাড়ি চা বাগান অঞ্চলগুলো বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ।

গত বছরের নভেম্বরে আঘাত হানা ঘূর্ণিঝড় দিতওয়াহর ক্ষতি কাটিয়ে ওঠার আগেই দেশটি নতুন এই দুর্যোগের মুখোমুখি হয়েছে। পূর্বের ঘূর্ণিঝড়ে প্রায় ৬৪০ জনের মৃত্যু হয়েছিল এবং আনুমানিক ৪ দশমিক ১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে বিদ্যালয়সমূহ পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top