সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ল্যাবরেটরি পরীক্ষায় আটটি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে। সংস্থাটি জনসাধারণকে এসব পণ্য ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে, কারণ এগুলো স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
বিএসটিআই জানিয়েছে, দেশে বিভিন্ন রং ফর্সাকারী ক্রিমের অবৈধ আমদানি বৃদ্ধি পাচ্ছে। এসব পণ্য সাধারণত লাগেজ বা চোরাই পথে বাজারে প্রবেশ করছে, ফলে বিএসটিআই তাদের মান যাচাই করতে পারছে না।
পরীক্ষায় পাকিস্তানের এস জে এন্টারপ্রাইজের চাঁদনি হোয়াটেনিং ক্রিম, কিউসিআই কোম্পানির নিউ ফেস বিউটি ক্রিম, লোয়া ইন্টারন্যাশনালের নাভিয়া বিউটি ক্রিম, নাভিয়া হোয়াটেনিং ক্রিম, নুর এন্টাপ্রাইজের নুর হোয়াটেনিং ক্রিম, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিউ বিউটি ক্রিম, গৌরি কসমেটিকসের গৌরি বিউটি ক্রিম এবং চায়নার জিএলডিজেবি (হারবিন) কসমেটিকস কোম্পানি লিমিটেডের ন্যাচারাল পার্ল স্ক্রিন ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি পাওয়া গেছে।
বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। ভোক্তার জীবন ও স্বাস্থ্য সুরক্ষাই বিএসটিআইয়ের সর্বোচ্চ অগ্রাধিকার।