মুখ সামলান, না হলে শরীর সামলাতে পারবেন না: আনিসুর রহমান

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, কিছু বেয়াদব জুলাই আন্দোলন এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, মুখ সামলান, তা না হলে শরীর সামলাতে পারবেন না।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর নতুন আন্ডারচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরও বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের সব মানুষের আন্দোলন। তিনি উল্লেখ করেন, অনেক মা আছেন, যিনি তার দুটি সন্তান হারিয়েছেন এবং তাদের কষ্ট অনেক। গুম ও খুনের শিকার হওয়া পরিবারের কষ্টের প্রতি তার সহানুভূতি রয়েছে।

তিনি বলেন, দেশের প্রতি তাদের ভালোবাসা রয়েছে এবং বিএনপি এসব পরিবারের পাশে দাঁড়াতে চায়। তিনি গত ১৭ বছরে গুম ও খুনের শিকার হওয়া সব পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার নুরুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top