সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে। তিনি বলেন, ‘আবারও হল দখলের পাঁয়তারা চলছে। ক্যাম্পাস নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে।’
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি : লেগ্যাসি অব জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা হয়েছে এবং ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী। তিনি হবিগঞ্জে আলিফের ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন।
সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না এবং শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনা করতে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক ধারা বজায় রাখার এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতারা।