সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এই সেবার মাধ্যমে প্রবাসীরা দেশে না ফিরেও ভোটার ও এনআইডি নিবন্ধনের সুযোগ পাবেন।
আজ মঙ্গলবার সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার তিনজন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। অনুষ্ঠানে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসি সানাউল্লাহ বলেন, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। তিনি দুর্নীতি ও অসাধু দালালচক্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সেবাটি সহজ, দ্রুত ও কার্যকরভাবে প্রদানের জন্য হাইকমিশন সব সময় সচেষ্ট থাকবে।