সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ জুলাই গণ-অভ্যুত্থানকে দেড় দশকের দুঃশাসন, বৈষম্য, দুর্নীতি ও শোষণের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আগামীকাল বুধবার এই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একটি বাণী প্রদান করেন।
বাণীতে তিনি বলেন, ২০২৪ সালের এই দিনে নিরস্ত্র ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের ফলে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় সরকার। তিনি জুলাই শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগকে জাতির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা এবং বিভিন্ন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা-হামলার কারণে জনমনে ক্ষোভ সঞ্চিত হয়েছিল। তিনি উল্লেখ করেন, প্রশাসন ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ায় জনগণের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়।
তিনি বলেন, কোটা সংস্কারের আন্দোলন থেকে শুরু করে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার ফলে এই ক্ষোভ দ্রুত গণ-অভ্যুত্থানে রূপ নেয়। হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনগণের এই ভূমিকা ইতিহাসে বিরল এবং জাতি তা চিরকাল স্মরণ করবে।
তিনি জনগণের প্রতি আহ্বান জানান, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ফ্যাসিবাদ ও দুর্নীতির স্থান হবে না। রাষ্ট্রের প্রতি তাঁর প্রত্যাশা, শহীদদের সম্মান প্রদানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা হবে।