সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার থেকে দোলনবাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক উন্নয়নকাজের কারণে স্থানীয়দের ভোগান্তি বেড়ে গেছে। বর্ষার বৃষ্টিতে সড়কটি কাদা, গর্ত ও জমে থাকা পানিতে দুর্বিষহ হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের তিনটি স্থানে খানাখন্দ থাকলেও বর্তমানে পুরো সড়কজুড়ে সমস্যা দেখা দিয়েছে। গত ৮ মে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। প্রকল্পটির ব্যয় প্রায় ৬ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৮৯৫ টাকা।
সরেজমিনে দেখা যায়, সংস্কারকাজের শুরুতে পুরোনো পিচ তুলে ফেলা হলেও কাজের গতি থেমে গেছে। শ্রমিকের সংখ্যা কম থাকায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে যাচ্ছে, যা চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
অটোরিকশাচালক ওসমান সরকার ও আক্তার হোসেন বলেন, ‘রাস্তা আগেই ভালো ছিল, এখন পুরো রাস্তাই সমস্যা।’ স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীবাহী যানবাহন চলাচল করে, ফলে সময় নষ্টের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম জানান, সড়কটির উন্নয়নকাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক বলেন, টানা বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হলেও দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক বলেন, জনগণের চলাচলে ভোগান্তি না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, ঝুলে থাকা উন্নয়নকাজ নিয়ে সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।