ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে রুবেল খান (৩১) নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার মধ্যরাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্রীনাথপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল মহেশপুরের শ্যামপুর মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে রুবেলসহ কয়েকজন ব্যক্তি শ্রীনাথপুর বিওপি সংলগ্ন সীমান্তে অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, যার ফলে রুবেল গুরুতর আহত হন। আহত অবস্থায় তার সঙ্গীরা তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রুবেলের স্ত্রী সানজিদা বেগম জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি দাবি করেন, বিএসএফের ছোড়া একটি গুলি তার স্বামীর বুকের বাম পাশে লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় রুবেল হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

শ্যামকুড় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বলেন, রুবেলসহ বেশ কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের গুলিতে আহত হয়েছেন।

মহেশপুর ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, ঘটনার বিষয়ে বিএসএফ-এর মাহেন্দ্র কোম্পানি সদর কর্তৃপক্ষের সঙ্গে বিজিবি যোগাযোগ করেছে, তবে তারা রাবার বুলেট নিক্ষেপের বিষয়টি অস্বীকার করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top