সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বাংলাদেশ সরকার ভারতের সহযোগিতা চেয়েছে যাতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সাক্ষাতে এ বিষয়টি তুলে ধরা হয়। সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
হুমায়ুন কবির ভারতের হাইকমিশনারকে জানান, এ ধরনের কর্মকাণ্ড দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, আলোচনা জনগণ-কেন্দ্রিক সহযোগিতা বৃদ্ধির ওপর ভিত্তি করে ছিল এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়নমূলক আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করার অভিপ্রায় পুনর্ব্যক্ত করা হয়।