সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ও বর্তমানে যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি বলেছেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। তিনি সোমবার ইউক্রেনীয় কূটনীতিকদের এক বৈঠকে এ কথা বলেন।
জালুঝনি জানান, ন্যাটোর সদস্য হওয়ার জন্য যে সামরিক মানদণ্ড প্রয়োজন, তা ইউক্রেন বর্তমানে পূরণ করছে না। তিনি বলেন, ইউক্রেনের সেনাবাহিনীকে ন্যাটোর মান অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করা সত্ত্বেও দেশটি এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি।
বর্তমান সামরিক সক্ষমতা নিয়ে ইউক্রেনের ন্যাটোর মতো একটি জোটে যোগ দেওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেনের সংবিধানে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানকে কৌশলগত লক্ষ্য হিসেবে উল্লেখ করা আছে, তবে সরকারও স্বীকার করেছে যে, ন্যাটোর সব সদস্য বর্তমানে ইউক্রেনকে জোটে নিতে প্রস্তুত নয়।
এদিকে, যুদ্ধক্ষেত্রে জুলাই মাসে রাশিয়ার অগ্রগতি অনেকটাই কমে গেছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্য অনুযায়ী, জুলাইয়ে রাশিয়া ইউক্রেনের মাত্র ৪০ বর্গকিলোমিটারেরও কম এলাকা দখল করতে পেরেছে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ওলগা স্টেফানিশিনাকে সরিয়ে দিয়েছেন। ইউক্রেনের সামরিক সহায়তা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।