হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত কাভার্ডভ্যান থেকে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় মেহেদি, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিভিন্ন ধরনের বিস্কুট জব্দ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজিবি জানায়, একটি কাভার্ডভ্যানে ভারতীয় চোরাই পণ্য পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়।

অভিযান চলাকালে, সকাল আনুমানিক ১০টার দিকে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা পরে কাভার্ডভ্যানটি উদ্ধার করে তল্লাশি চালান এবং বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ টাকা। উদ্ধার করা মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। তিনি ভবিষ্যতে গোয়েন্দাভিত্তিক অভিযান আরও জোরদার করার কথা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top