হামের চিকিৎসা ব্যয় মেটাতে প্রতি ১০ পরিবারের ৯টিই ঋণ করেছে

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বাংলাদেশে হামের চিকিৎসা খরচ মেটাতে অনেক পরিবার ঋণে জড়িয়ে পড়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)-এর যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জরিপে দেখা গেছে, হামে আক্রান্ত প্রতি ১০টি পরিবারের প্রায় ৯টি (প্রায় ৮৯ শতাংশ) চিকিৎসার খরচ মেটাতে ঋণ নিয়েছে। এছাড়া, প্রতি ১০টি পরিবারের ছয়টি (প্রায় ৬১ শতাংশ) নিজেদের সঞ্চয় শেষ করে ফেলেছে। জরিপে অংশ নেওয়া সবগুলো পরিবারই জানিয়েছে যে তাদের আর্থিক সহায়তা প্রয়োজন। এর মধ্যে ৩৫ শতাংশ পরিবার ওষুধকে সবচেয়ে জরুরি সহায়তা হিসেবে উল্লেখ করেছে।

জরিপ থেকে উঠে আসা তথ্য জানাচ্ছে, ৪ শতাংশ পরিবার নিজেদের সম্পদ বিক্রি করেছেন এবং প্রায় ৩ শতাংশ অনুদান থেকে ব্যয় মেটানোর চেষ্টা করেছেন। বাংলাদেশের ১২টি সরকারি মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়া হামে আক্রান্ত ২ হাজার ৭৪৬টি পরিবারের ওপর এই মূল্যায়ন পরিচালনা করা হয়।

হাজেরা খাতুন, যিনি ঢাকায় চিকিৎসার জন্য এসেছেন, জানান যে সরকারি হাসপাতালে চিকিৎসা বিনা মূল্যে হলেও অনেক খরচ এর বাইরে থাকে। তিনি বলেন, ‘আমাদের প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। প্রতিদিন খাবার কিনতে হচ্ছে, বিভিন্ন মেডিক্যাল পরীক্ষার খরচ দিতে হচ্ছে।’

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম আশরাফ আলম বলেন, ‘অনেক পরিবার শুধু স্বাস্থ্যসংকট নয়, বড় ধরনের আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে। আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নগদ সহায়তা দিচ্ছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top