ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ঢুকল ১০০ টন কাঁচা মরিচ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দিনে ভারত থেকে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। ১০টি ট্রাকে এসব কাঁচা মরিচ দেশে পৌঁছায়।

প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন করে কাঁচা মরিচ ছিল। ব্যবসায়ীরা আশা করছেন, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসবে।

ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান আমদানির বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে আমদানিকারকেরা এসব মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করবেন।

আমদানিকারকেরা জানান, রবিবার (২ আগস্ট) ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে এবং আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাতক্ষীরা শহরের কাঁচা-পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, টানা বৃষ্টিতে মরিচক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় কাঁচা মরিচের উৎপাদন কমেছে। বর্তমানে বাজারে কাঁচা মরিচ ৩০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। তবে ভারত থেকে আমদানি শুরু হওয়ায় দাম কমতে শুরু করবে বলে আশা করছেন তিনি।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম জানান, আগামীকাল আরো বেশি পরিমাণ কাঁচা মরিচ আমদানির প্রস্তুতি রয়েছে। ধারাবাহিকভাবে আমদানি হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top