সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক নীলফামারীর কিশোরগঞ্জে আয়োজিত এক সেবা মেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন, কৃষি ঋণসংক্রান্ত সেবা এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা পাওয়া যাচ্ছে। সোমবার (৩ আগস্ট ২০২৬) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী এই ‘ভাতা ও কৃষি ঋণ মেলা’ অনুষ্ঠিত হয়।
মেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণের পাশাপাশি কৃষি ঋণসংক্রান্ত সেবা প্রদান করা হয়। স্বাস্থ্যসেবার অংশ হিসেবে আগতদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্মকর্তারা আবেদন গ্রহণ করেন এবং আবেদনকারীদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতার কার্ডের অপেক্ষায় থাকা ষাটোর্ধ্ব আলতাফ উদ্দিন জানান, তিনি বহুবার ইউনিয়ন পরিষদে গিয়েও ভাতার কার্ড পাননি। মেলায় এসে আবেদন করতে পেরে তিনি আশাবাদী, এবার হয়তো কাঙ্ক্ষিত সেবাটি পাবেন।
সেবা নিতে আসা মনজিলা বেগম বলেন, এক জায়গায় একাধিক সরকারি সেবা পাওয়ায় তাদের সময় ও যাতায়াত খরচ দুটোই বেঁচেছে। বিশেষ করে প্রবীণ, বিধবা ও প্রতিবন্ধী মানুষের জন্য এটি অত্যন্ত উপকারী উদ্যোগ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন জানান, সমাজসেবা অধিদপ্তরের সেবা পেতে কোনো ধরনের ফি বা অতিরিক্ত টাকা-পয়সা লাগে না। সাধারণ মানুষ যেন কোনো রকম দালাল বা হয়রানি ছাড়া সরাসরি সরকারি সেবা পায়, সেই লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।