সাবেক সাব-পোস্টমাস্টারের ৩ বছরের কারাদণ্ড, গ্রাহকের ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক চট্টগ্রামের বোয়ালখালীতে সাবেক সাব-পোস্টমাস্টার এহসানুল হককে গ্রাহকদের সঞ্চয়ী ও মেয়াদি আমানতের ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ রায় দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এহসানুল হককে দণ্ডিত করেন। একই সঙ্গে তাকে ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি অনুযায়ী, এহসানুল হক বোয়ালখালীর শাকপুরা ও চরদ্বীপ সাব-পোস্ট অফিসে সাব-পোস্টমাস্টার হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি গ্রাহকদের কাছ থেকে সঞ্চয়ী ও মেয়াদি আমানতের টাকা নিয়ে পাসবইয়ে জমার এন্ট্রি দিলেও মূল ক্যাশ বইয়ে তা অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন।

তদন্তে দেখা যায়, শাকপুরা সাব-পোস্ট অফিসে ৬ লাখ ৪২ হাজার টাকা এবং চরদ্বীপ সাব-পোস্ট অফিসে ৯ লাখ ৪১ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। ২০১৬ সালের ১৪ জুলাই বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হয় এবং ২০১৭ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচার শেষে আদালত এ রায় ঘোষণা করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top