সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ভারতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আনুষ্ঠানিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ব্রাজিল তাদের ভক্তদের উন্মাদনা সম্পর্কে অবগত হয়ে এই ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বিশ্বের পঞ্চম র্যাংকিংধারী দল ব্রাজিল, অন্যদিকে ভারত ১৩৮ নম্বরে রয়েছে।
ভারতের ফুটবল ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ম্যাচ হতে চলেছে এটি। তবে সাবেক ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া এই ম্যাচের তাৎপর্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে অবস্থা, এই ম্যাচ থেকে আমরা কী অর্জন করতে চাইছি?’
ভারত আমন্ত্রিত দল হিসেবে ফিফা আসিয়ান কাপে খেলবে। গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে খেলবে ভারত। টুর্নামেন্টটি ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাইচুং ভুটিয়া ম্যাচের তারিখ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আমি মনে করি এটা পাল্টানো উচিত। কারণ আপনি হয়তো প্রথম দল খেলাতে পারবেন না। তাহলে কি তারা দ্বিতীয় সারির দল খেলাবে, তাও আবার ব্রাজিলের বিপক্ষে?’ বাইচুং তার হতাশা প্রকাশ করে বলেন, ‘এটা অনেকটা এরকম একটি পরিবারের মতো, যারা ঠিকমতো খেতে পারে না, জীবন যাপন করাই কঠিন, তারা তাদের ছেলের বিয়েতে শাহরুখ খানকে এনে নাচানোর চেষ্টা করছে।’