সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর সোয়া ৪টা থেকে ভোর ৫টা ১৫ মিনিটের মধ্যে মাত্র এক ঘণ্টার ব্যবধানে চারটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, পাসপোর্ট, বিমানের টিকিটসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে।
প্রথম ঘটনা ঘটে ভোর সোয়া ৪টার দিকে পশ্চিম হাজীপুর এলাকায়, যেখানে সৌদি আরবগামী প্রবাসী রকিবুল হাসান তার মালামাল গাড়িতে তোলার সময় তিন দুর্বৃত্তের কবলে পড়েন। তারা তার পাসপোর্ট, বিমানের টিকিট, ট্রাভেল ব্যাগ, ৯০০ সৌদি রিয়াল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এরপর ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরাগামী সোহাগ রিকশাযোগে বন্দর খেয়াঘাটে যাওয়ার পথে সিএইচডি গেট এলাকায় পিস্তলধারী তিন ছিনতাইকারীর কবলে পড়েন। তারা তার মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ভোর ৪টা ৪৫ মিনিটে কদমরসুল কলেজের পেছনে ট্রাকচালক মো. হাসান খানও একইভাবে ছিনতাইয়ের শিকার হন। পরে ভোর ৫টা ১৫ মিনিটে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মো. হাসান নামে আরেক ব্যক্তিকে পিস্তল ও ছুরির মুখে জিম্মি করে নগদ ২ হাজার ২৫০ টাকা, একটি স্মার্টফোন ও একটি হাতঘড়ি ছিনিয়ে নেয় তিন ছিনতাইকারী।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র মুন্সিগঞ্জ অথবা চরসৈয়দপুর এলাকা থেকে মোটরসাইকেলযোগে এসে এসব ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। পুলিশ ইতোমধ্যে তাদের শনাক্তের কাজ শুরু করেছে এবং গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চলছে।