সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে। তিনি দাবি করেছেন যে, একটি বড় সামরিক হামলা স্থগিত করা হয়েছে এবং একটি সমঝোতার পথ তৈরি হয়েছে।
রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে এগোচ্ছি। সোমবার (৩ আগস্ট) বিকেল থেকেই আলোচনা শুরু হবে।’ তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন যে, ইরান এবং মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো তাকে সামরিক হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র একটি ‘বিশাল’ সামরিক হামলার জন্য প্রস্তুত ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযান হতে পারত। তবে তিনি বলেন, ‘আমি মানুষ হত্যা করতে চাই না। আমরা যেকোনো সময় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত, কিন্তু আগে আলোচনার সুযোগ দিচ্ছি।’
এদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর ট্রাম্পের বক্তব্যকে ‘নতুন একটি মিথ্যা’ বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে যে, তেহরান যুক্তরাষ্ট্রকে হামলা স্থগিত করার কোনো অনুরোধ করেনি।
ট্রাম্পের বক্তব্যের পর আন্তর্জাতিক তেলের বাজারে দাম কমেছে। সোমবার এশিয়ার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ দশমিক ৫ শতাংশ কমে ৮৩ দশমিক ৯৮ ডলারে নেমে আসে।