বিশ্ববিদ্যালয়ে নৈতিকতার চর্চা জরুরি: ইউজিসি চেয়ারম্যান

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেছেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিকতার চর্চা না হলে সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা কঠিন হবে। তিনি রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘শান্তির জন্য দর্শন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন করে এবং পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দেয়। তাই বিশ্ববিদ্যালয়ে সহনশীলতা, ন্যায়বিচার ও নৈতিকতার চর্চা নিশ্চিত করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের ফলে সমাজের বিভিন্ন শ্রেণি নিপীড়নের শিকার হয়েছে, যা অস্বীকার করা যায় না।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশে ইউজিসি অতিরিক্ত পাঠ্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ মডিউল প্রণয়নের কাজ শুরু হয়েছে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, উন্নয়নকে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না; বরং এটি নৈতিকতা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে হতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে দায়িত্বশীল নাগরিক ও নৈতিক নেতৃত্বসম্পন্ন ব্যক্তি গড়ে তোলার একটি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন।

সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করেন এবং দর্শনের মাধ্যমে শান্তি ও নৈতিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top