যাত্রাবাড়ীর মানবতাবিরোধী অপরাধের তদন্তে দ্রুততার প্রতিশ্রুতি চিফ প্রসিকিউটরের

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনাগুলোর তদন্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত শেষ করার কাজ চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, যাত্রাবাড়ীর ঘটনাগুলো জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মামলাগুলোর মধ্যে রয়েছে।

রোববার (২ আগস্ট) যাত্রাবাড়ীর নবী টাওয়ারের কনফারেন্স রুমে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের নিয়ে আয়োজিত এক গণশুনানিতে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত তদন্ত-সংক্রান্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

তিনি শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের উদ্দেশে বলেন, ন্যায়বিচার নিশ্চিতে ট্রাইব্যুনাল আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং হতাশ হওয়ার কোনো কারণ নেই। তদন্তে সহযোগিতার আহ্বান জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ভিডিও ফুটেজ, স্থিরচিত্র ও অন্যান্য তথ্য-প্রমাণ জমা দিলে বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ভিডিও ফুটেজ ইতোমধ্যে একাধিক মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদেরও তদন্তে সহযোগিতার আহ্বান জানান তিনি।

গণশুনানিতে নিহতদের স্বজন ও আহত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা ও বিচার প্রত্যাশা তুলে ধরেন। উপস্থিত কর্মকর্তারা তাদের বক্তব্য শোনেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top