সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গে ডিজিটাল স্ব-তথ্য নিবন্ধনভিত্তিক আদমশুমারি কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশ থেকে ভারতে যাওয়া সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী নন, বরং তারা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর অধীনে শরণার্থী হিসেবে গণ্য হবেন।
শনিবার (০১ আগস্ট) বিধাননগরে দুই সপ্তাহব্যাপী ডিজিটাল স্ব-তথ্য নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, আদমশুমারিতে সংগৃহীত ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তা শুধুমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে।
তিনি বলেন, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে অক্ষম বা দুর্গম এলাকায় বসবাসকারীদের জন্য সরকারি প্রতিনিধিরা সরাসরি তাদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ভারতের আদমশুমারি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুরো কার্যক্রম পরিচালিত হবে।
সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা রাজ্য বা দেশে থাকতে পারবে না এবং তাদের শনাক্ত করে আইনগত প্রক্রিয়ায় নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। তিনি দাবি করেন, বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে বাদ পড়া ২৭ লাখ ভোটারের মধ্যে মাত্র সাত লাখ ট্রাইব্যুনালে আবেদন করেছেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ধর্মীয় নিপীড়ন বা প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না।
ডিজিটাল তথ্য নিবন্ধনের পর আগামী ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি তালিকাভুক্তি ও গৃহভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। আদমশুমারির দ্বিতীয় ধাপ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস