সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কিডনি রোগে আক্রান্ত কিশোর হৃদয় শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি ব্যাংক থেকে নেওয়া অটোভ্যানের ঋণ পরিশোধের পাশাপাশি হৃদয় ও তার বাবার চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন।
হৃদয় শেখ (১৬) কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের সুজাব আলী ও আমিনা বেগমের ছেলে। তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় হৃদয় পরিবারের একমাত্র উপার্জনকারী হয়ে ওঠে। ভাড়ায় ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহের পর হৃদয় ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যান কিনেছিলেন। কিন্তু অসুস্থতা ও সংসারের ব্যয় মেটাতে গিয়ে ঋণের বোঝা সামলানো তার জন্য কঠিন হয়ে পড়ে।
হৃদয় শেখের পরিবারের দুর্দশা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েসের নজরে আসে। তিনি মন্ত্রীকে বিষয়টি জানালে পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎমন্ত্রীর প্রতিনিধি দল হৃদয় শেখের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেয় এবং আর্থিক সহায়তা প্রদান করে। মন্ত্রীর পক্ষ থেকে ৪০ হাজার টাকা ব্যাংক ঋণ পরিশোধের জন্য এবং ১০ হাজার টাকা চিকিৎসা সহায়তা হিসেবে দেওয়া হয়।
এ সময় কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হৃদয় ও তার বাবার চিকিৎসায় ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
হৃদয় শেখ বলেন, “গণমাধ্যমে সংবাদ প্রকাশের কারণে টুকু ভাই আমাদের বিষয়ে জানতে পেরেছেন। তিনি আমাদের ঋণ পরিশোধ করে দিয়েছেন এবং চিকিৎসার জন্যও সহায়তা করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।”