সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চেষ্টা চালাচ্ছে ইংলিশ ক্লাব আর্সেনাল। তারা মাদ্রিদে পাঠানোর জন্য নতুন একটি প্রস্তাব চূড়ান্ত করেছে, যা গ্রীষ্মকালীন ট্রান্সফার বাজারে আলোড়ন সৃষ্টি করতে পারে। ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের চুক্তি ২০২৭ সালের গ্রীষ্মে শেষ হবে, তবে তার ভবিষ্যৎ নিয়ে জটিলতা তৈরি হচ্ছে।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আর্সেনাল ভিনিসিয়ুসের জন্য আনুষাঙ্গিক খরচসহ ১৪৫ মিলিয়ন ইউরোর একটি আনুষ্ঠানিক প্রস্তাব প্রস্তুত করেছে। ক্রীড়া সাংবাদিক ডেভিড ওরনস্টাইনের মতে, ভিনিসিয়ুস নিজেও প্রিমিয়ার লিগে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, আর্সেনাল ভিনিসিয়ুসের প্রতিনিধি সংস্থা ‘রক নেশন’-এর সঙ্গে প্রাথমিক একটি সমঝোতায় পৌঁছেছে। ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান তারকাকে লন্ডনে নিয়ে আসতে আর্সেনাল নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় চুক্তির প্রস্তাব দিতে প্রস্তুত।
রিয়াল মাদ্রিদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। ভিনিসিয়ুস এক বছর আগে দেওয়া নতুন চুক্তির প্রস্তাবে এখনও সাড়া দেননি। ক্লাবটির সামনে দুটি পথ খোলা— আর্সেনালের প্রস্তাব গ্রহণ করা অথবা ভিনিসিয়ুসের চাহিদা মেনে চুক্তি নবায়ন করা। অন্যথায়, কয়েক মাস পর তাকে ফ্রি ট্র্যান্সফারে হারানোর ঝুঁকি রয়েছে।
এখন প্রশ্ন হলো, রিয়াল মাদ্রিদ নিজেদের মূল আক্রমণভাগের দুই স্তম্ভ— ভিনিসিয়ুস ও এমবাপ্পে, তাদের একজনকে ছেড়ে দিতে রাজি হবে কিনা? নাকি ভিনিসিয়ুসকে ধরে রাখার চেষ্টা চালাবে ক্লাবটি?