মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন। শনিবার (১ জুলাই) সন্ধ্যায় মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারের একটি রেস্তোরাঁর কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৭টা ১০) স্কয়ারের বিল্ডিং–১–এর কাছে বিস্ফোরণটি ঘটে।

রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন রেস্তোরাঁর এক নিরাপত্তারক্ষী, এক গ্রাহক এবং বিস্ফোরক বহনের সন্দেহভাজন এক নারী। কর্তৃপক্ষ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ওই নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার কাছে একটি তাৎক্ষণিকভাবে তৈরি বিস্ফোরক (আইইডি) ছিল।

রেস্তোরাঁয় প্রবেশের আগেই বিস্ফোরণ ঘটে। এতে নিরাপত্তারক্ষী, এক গ্রাহক এবং সন্দেহভাজন ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।

রুশ কর্তৃপক্ষ এখনও ওই নারীর পরিচয় প্রকাশ করেনি। তিনি কী উদ্দেশ্যে বিস্ফোরকটি বহন করছিলেন কিংবা বিস্ফোরণটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছিল কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top