সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিট ৩৫ বছর ধরে ডেন্টাল ইউনিট হিসেবে পরিচালিত হচ্ছে, তবে কলেজে উন্নীতকরণ হচ্ছে না। এই দীর্ঘ সময় ধরে ডেন্টালের শিক্ষার্থী ও অঞ্চলের রোগীরা উন্নত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রামের চিকিৎসকসহ সকলের দাবি একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা।
১৯৮৯ সালে চমেক হাসপাতালে ডেন্টাল ইউনিট চালু হয়। তবে এখানে শিক্ষক ছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবলের কোনো পদ সৃজন হয়নি। হাসপাতাল থেকে কয়েকজন কর্মচারীকে দায়িত্ব দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। ডেন্টাল ইউনিটে সরকারি ভাবে আলাদা কোনো অর্থ বরাদ্দ নেই এবং শিক্ষার্থীদের জন্য আলাদা আবাসন ব্যবস্থা নেই।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন জানান, ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে, কিন্তু জায়গা সিলেকশনের জটিলতায় বিষয়টি ঝুলে রয়েছে।
ডেন্টাল ইউনিটের অধ্যক্ষ ডা. মনোজ বড়ুয়া বলেন, উন্নীতকরণের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো নেই। রোগীদের চিকিৎসা উপকরণ সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমানে মুখের ক্যানসার রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আধুনিক চিকিৎসা সরঞ্জাম না থাকায় রোগীরা উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
চমেক হাসপাতালে ডেন্টাল ইউনিটের পাশেই দন্ত চিকিৎসার বহির্বিভাগ রয়েছে, যেখানে গত তিন বছর ধরে তিনটি ডেন্টাল চেয়ার নষ্ট অবস্থায় রয়েছে। বহির্বিভাগের ইনচার্জ ডা. তানজিলা আনোয়ার জানান, অচল ডেন্টাল চেয়ার মেরামতের জন্য অনেক লেখালেখি হয়েছে, কিন্তু টেকনিশিয়ান না থাকায় সমস্যা সমাধান হচ্ছে না।