গ্যাস সংকটের বিরুদ্ধে পেট্রোবাংলা ভবন অবরোধের হুঁশিয়ারি এনসিপির

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক গ্যাস সংকটের মধ্যে মূল্যবৃদ্ধির চেষ্টা হলে পেট্রোবাংলা ভবন অবরোধের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১ আগস্ট) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে অনুষ্ঠিত সমাবেশে নেতারা বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নিলে কর্মকর্তাদের ভবনে প্রবেশ বা বের হতে দেওয়া হবে না।

সার্ক ফোয়ারার সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা গ্যাসের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। পরে তারা ‘প্রতীকী মার্চ’ করে পেট্রোবাংলা ভবনের দিকে অগ্রসর হন।

পেট্রোবাংলা সম্প্রতি বিদ্যুৎ ও সিএনজি খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিতে নীতিগত অনুমোদন চেয়ে একটি চিঠি দিয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন খাতে ৬৭ শতাংশ ও সিএনজিতে ৫১ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব অভিযোগ করেন, পেট্রোবাংলা ও তিতাসের মতো সংস্থাগুলো লুটপাটের সংস্থায় পরিণত হয়েছে। তিনি বলেন, গ্যাস সংকটের কারণে রান্না করতে না পারায় প্রতিবাদ হিসেবে তারা খালি বাসন ও পাতিল নিয়ে এসেছেন।

তিনি আরও জানান, দ্রুত গ্যাস সংকটের সমাধান না হলে বৃহত্তর আন্দোলন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগে বাধ্য করা হবে। সমাবেশে অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন এবং পরে মিছিলটি পেট্রোবাংলা ভবনের ফটকের সামনে গিয়ে শেষ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top