সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বিশ্বকাপ ফুটবলের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল করেছে ফিফা। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা।
ফিফার পরিকল্পনা ছিল একটি নতুন বাণিজ্যিক ইউনিট গঠন করে এর প্রায় ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা। এর মাধ্যমে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য ছিল ফিফার। নতুন ইউনিটটি বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার কথা ছিল।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রস্তাবটি সামনে আসার পর এফসিসহ বিভিন্ন আঞ্চলিক কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে পড়ে ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, সংশ্লিষ্ট সবার মতামত মনোযোগ দিয়ে শোনার পর পরিকল্পনাটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্তটি বাতিল হওয়ার পর এএফসি সভাপতি শেখ সালমান ফিফাকে সতর্ক করে বলেন, ভবিষ্যতে বিশ্ব ফুটবলে প্রভাব ফেলতে পারে—এমন যেকোনো উদ্যোগ সময়মতো এবং স্বচ্ছভাবে বিভিন্ন কনফেডারেশন ও সদস্য অ্যাসোসিয়েশনের সামনে তুলে ধরা উচিত।
তিনি আরও উল্লেখ করেন, বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ যথাযথ আলোচনা ও যৌথ সংলাপের মাধ্যমে গড়ে তোলা উচিত।