বিয়ে বাড়িতে বকশিশ নিয়ে সংঘর্ষ, আহত ৩

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বগুড়া সদর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাবুল মিয়ার ছেলে সাগর মিয়ার সঙ্গে বগুড়া সদরের টুটুল মিয়ার মেয়ে সাথী আক্তারের পারিবারিক সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়। বরযাত্রীরা কনের বাড়িতে পৌঁছালে গেটের বকশিশের টাকা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বর পক্ষের অভিযোগ, কনে পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং মারধরের শিকার হন বরযাত্রীরা। এ সময় অন্তত ১৫টি মোবাইল ফোন ও সোনার গহনা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। অপরদিকে, কনে পক্ষ এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে বর পক্ষই প্রথমে আক্রমণাত্মক আচরণ করে।

বিয়ের ঘটক শামসুল হক জানান, বিয়ের আগেই পোশাক নিয়ে সমঝোতা হলেও বিয়ের দিন বর পক্ষ অতিরিক্ত শেরওয়ানির দাবি তোলে। পরে গেটের বকশিশ নিয়ে মতবিরোধ সৃষ্টি হলে ৭০০ টাকায় রফা হয়। কিন্তু কনের প্রতিবন্ধী দাদাকে ধাক্কা দেওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলেইমান আলী জানান, বকশিশের টাকা নিয়ে কথাকাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। বর পক্ষ চলে যেতে চাইলে কনে পক্ষ ও স্থানীয় কয়েকজন তাদের অবরুদ্ধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরযাত্রীদের উদ্ধার করে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top