সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক কুমিল্লার দাউদকান্দিতে মাত্র এক শতাংশ জমিতে নির্মিত একটি ৮৫ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রস্থের বসতঘর কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্বল্প পেন্নাই গ্রামে এই ঘরটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছেন।
ঘরটির মালিক সৌদি আরবপ্রবাসী মো. শাহজালাল। স্থানীয় বাসিন্দাদের মতে, ঘরটি নির্মাণের জন্য শাহজালাল চলতি বছরের জুন মাসে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করেন। এর আগে ঘরটির জায়গাটি ডোবা ছিল, যা ভরাট করে ঘরটি তৈরি করা হয়।
শাহজালালের স্ত্রী খাদিজা আক্তার জানান, ২০১৩ সালে শাহজালালের সঙ্গে তার বিয়ে হয়। ২০১৫ সালে তিনি প্রথমে ইরাকে যান এবং ২০২০ সালে সৌদি আরবে চলে যান। শাহজালাল পৈত্রিক ভিটায় একটি পাকা ভবন নির্মাণের চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা চালাতে গিয়ে তিনি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
বর্তমানে শাহজালালের পরিবার ৫ ফুট চওড়া এই ঘরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বসবাস করছে। খাদিজা বলেন, ঘরটি ছোট হলেও প্রয়োজনীয় সুবিধা রয়েছে। ঘরের প্রবেশমুখে রান্নাঘর, খাবার ঘর এবং শোয়ার কক্ষ রয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা শাহজালালের পরিবারের জন্য খুশি। গৌরীপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য জাহানারা আক্তার জানান, শাহজালাল দীর্ঘদিন প্রবাসে থাকলেও সীমিত আয় এবং পরিবারের ভরণপোষণের কারণে বসতঘর নির্মাণের জন্য জায়গা ক্রয় করতে পারেননি।