সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, “কোনো সরকারই শেষ সরকার নয়।” তিনি বর্তমান ক্ষমতাসীনদের অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে তিনি হবিগঞ্জের কিশোর আলিফ চৌধুরীর চিকিৎসাসংক্রান্ত খোঁজখবর নেন। আলিফ ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা শাখার একজন সক্রিয় সংগঠক এবং স্থানীয় হোমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আলিফের ওপর হামলার ঘটনায় শফিকুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, “২০২৪ সালের স্বৈরাচারবিরোধী ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ নতুন করে রাজনৈতিক সন্ত্রাস বরদাশত করবে না।”
জামায়াত প্রধান আইনশৃঙ্খলার অবক্ষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে জবাব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু কারও হাতে আইন তুলে নেওয়ার অধিকার নেই। তিনি হবিগঞ্জে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও এনসিপির কর্মসূচিতে বাধার বিষয়ে প্রশ্ন তোলেন।
এনসিপি নেতাদের বিরুদ্ধে ফোন চুরির অভিযোগকে হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বানোয়াট মামলা দেওয়া হয়েছিল।” তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, আলিফের হামলাকারীদের বিচার না করে বরং এনসিপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার আসামিদের ওপর পুলিশি অ্যাকশন শুরু হতে পারে।