গাজায় ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে হামাসের অস্ত্র সমর্পণের অস্বীকৃতি

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি সরে না যাওয়া পর্যন্ত হামাস অস্ত্র সমর্পণের কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) আল জাজিরায় দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের শীর্ষ মধ্যস্থতাকারী প্রতিনিধি দলের সদস্য গাজী হামাদ বলেন, নিরস্ত্রিকরণের বিষয়টি ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ও গাজার পুনর্নির্মাণের সঙ্গে সরাসরি যুক্ত।

গাজী হামাদ জোর দিয়ে বলেন যে নিরস্ত্রিকরণ প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না এবং এটি কেবল একটি ফিলিস্তিনি জাতীয় কমিটির মাধ্যমে সম্পন্ন হবে। তিনি উল্লেখ করেন, চুক্তি অনুযায়ী ইসরায়েল প্রথমে তাদের দেওয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন না করা পর্যন্ত হামাস কোনো ধরনের অস্ত্র নিষ্ক্রিয়করণ পদক্ষেপ গ্রহণ করবে না।

এই আলোচনাকে ‘কঠিন ও জটিল’ হিসেবে বর্ণনা করে ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার পাশাপাশি সেরা ফলাফল অর্জনের ওপর জোর দেন হামাদ। তিনি মধ্যস্থতার জন্য মিশর, কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানান।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে গাজায় হামাসসহ সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রিকরণের বিষয়ে একটি চুক্তি অর্জিত হয়েছে। এই সমঝোতায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনী এবং নতুন ফিলিস্তিনি পুলিশ দল নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পাশাপাশি ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে।

গাজায় ইসরায়েলের তাণ্ডবে ইতিমধ্যেই ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হলেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে আরও ১,২১৪ জন ফিলিস্তিনিকে হত্যা এবং ৩,৯৭৭ জনকে আহত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top