সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক চাঁদপুরের মতলব দক্ষিণে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহীন কাজী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গত বুধবার (২৯ জুলাই) এশার নামাজের পর মতলব পৌরসভার উত্তর নলুয়া এলাকার নুরুল ইসলামের সুপারিবাগানে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত শাহীন কাজীকে আটক করে পুলিশ।
আহত জহিরুল হক মুকুল দেওয়ান বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং মতলব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শাহীন কাজী দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন।
বাবা, মেয়ে ও ছোট ছেলের ওপর হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করেন। আহত শিক্ষার্থীর মা মাকসুদা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ কবির জানান, শাহীন কাজীকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।